Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে ক্লিয়ারকাট।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনা ও নিকলী উপজেলায় ৩ ও ৮ ফেব্রুয়ারি জামায়াতের জনসভাকে কেন্দ্র করে দুজন কর্মী নিহতের ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুরে করিমগঞ্জ উপজেলার বালি খোলা এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

দুর্নীতিমুক্ত সমাজ এবং শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশ সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটি দল সরকারি দল হিসেবে এবং আরেকটি দল বিরোধী দল হিসেবে থাকবে-এটাই গণতন্ত্রের স্বাভাবিক ধারা।

 

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা দেখেছেন, নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের মুখের কথা ছিল না-বুকের কথা। তিনি তিনটি শর্ত মানার আহ্বান জানান।

 

 

প্রথমত, সমাজকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত-এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।

 

দ্বিতীয়ত, বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, বিচার বলতে কিছুই নাই-এমন অবস্থা চলতে পারে না। দেখেন না, এতগুলো ঋণখেলাপি কীভাবে সংসদ নির্বাচনে সুযোগ পায়? এদের হাতে দেশ কীভাবে নিরাপদ হবে? তার মতে, যারা নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, তারা জনগণের আস্থা অর্জন করতে পারে না।

 

জামায়াতের আমির বলেন, সংসদে এমন মানুষের যাওয়া দরকার, যারা নিজের স্বার্থ নয়, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। ১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না। জনগণের টাকা নিজের পকেটে রেখে আবার নেতা হতে চাওয়া লজ্জার মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, কারও ওপর সামান্য অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারও ওপর অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। অবিচার কোনো অবস্থাতেই মেনে নেব না।

 

শক্তিশালী বিরোধীদল গঠনের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ চলতে হলে সরকারি দল ও বিরোধীদল লাগবেই। সরকারি দল ও বিরোধীদল হাতে হাত রেখেই চলবে-যদি দেশ সঠিক পথে চলে। আর যদি বেঠিক পথে চলে, তাহলে ওই চাকা আমরা চালাব না।

 

জাতীয় পার্টির মতো বিরোধীদল হবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। শুধু ভোটের জগৎ থেকে নয়, জনগণের মন থেকেও উঠে গেছেন। কারণ তারা জনগণের স্বার্থরক্ষা করতে পারেননি। জামায়াতে ইসলামী ওই ভুল করবে না।