ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সামনের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লড়াই। নির্বাচনের আগেই কেউ-কেউ ভোটারদের হুমকি দিচ্ছেন। কিন্তু এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে নির্বাচনী কেন্দ্রের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা জয়ী হলে চাঁদাবাজির জুলুম বন্ধে আইনী ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। কারওয়ান বাজার এলাকার সকল ছোট-বড় ব্যবসায়ীরা বিনাচাঁদায় ব্যবসা করতে পারবেন। তবে সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের আইন মেনে তারা ব্যবসা করতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন করে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার অর্জন করতে পেরেছি। তাই এবার সচেতনভাবে দেখে-শুনে কোদাল মার্কায় ভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি কোথাও-কোথাও কালো টাকা ছড়ানো হবে। রাজনীতি আমার জন্য কোনো ব্যবসা নয়, এটি আমার কাছে ইবাদতের মতো।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।