নির্বাচনী প্রচারণার সময় সারাদেশে ১৫টি স্থানে নারীদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নারী শাখার প্রধান প্রফেসর ডা. উম্মে হাবিবা।
তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে উম্মে হাবিবা এ কথা বলেন। বিকেল ৩টা ১৬ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় সারাদেশে ১৫টি স্থানে নারীদের ওপর হামলা হয়েছে। আমরা সবগুলো হামলার এভিডেন্সসহ কমিশনে জমা দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে ভোট দিতে চাই।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই এবং বিএনপির অভিযোগ আজগুবি। আর আজগুবি অভিযোগ সুস্থ মাথা থেকে আসতে পারে না।
তিনি বলেন, সম্প্রতি জামায়াতের নারী কর্মীরা ভোটের জন্য যখন কাজ করছেন, তখন একদল লোক তাদের ওপর নির্যাতন, সাইবার বুলিং করছে। আর এটা বার বার ঘটছে।
জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে দাবি করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।