ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আল আমিন দলীয় মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নিয়ে অন্য এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত হন।
গতকাল রবিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আল আমিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরকে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।