Image description

দুর্নীতি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। 

দুদকের আবেদনে বলা হয়েছে, বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব থেকে অর্থ উত্তোলন করে তা অন্যত্র সরিয়ে নেওয়া কিংবা বিদেশে পাচারের চেষ্টা করছেন এমন তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও জমা করেছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর বা উত্তোলন করা হলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হিসাবগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত বা অবরুদ্ধ করা প্রয়োজন।