Image description

ঝিনাইদহে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে মহেশপুরের আজমপুর ইউনিয়নের জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে জিতারপুর গ্রামের নূর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি স্বীকার করে আজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ মাস্টার জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের লোকজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে মকুল বিএনপির একটি ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে জড়িত উভয় পক্ষের লোকজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় থানায় একটি পক্ষ অভিযোগ দিতে এসেছে। অভিযোগ পেলে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’