Image description

জাপান থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা দেরিতে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ছাড়তে দেরি হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা বলেছেন, জাপানে সরকারি সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সঙ্গে আছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টার দিকে তাঁদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধানমন্ত্রীর জাপান ত্যাগের কথা ছিল। কিন্তু নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে পিছিয়ে যায় যাত্রার সময়।

চারদিনের সরকারি সফরে ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে অংশ নিয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সফরের অংশ হিসেবে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বৃহস্পতিবার জাপানের নাগোয়া শহরে টয়োটার মোতোমাচি কারখানাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।