Image description

নারায়ণগঞ্জের বন্দরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি গুদামের তুলা, তুলা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আড়াইটার দিকে প্রথমে আবু বকরের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও আটটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

 

এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও জানান, আগুনে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।