কক্সবাজারের ইনানীতে রিসোর্ট অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বলেন, মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর এখন উদ্ধার কার্য়ক্রম চলছে। কী কারণে ঘটনাটি ঘটছে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।