Image description

একসময় হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া দলগুলোই এখনকার বিরোধী দলের সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

গতকাল শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা হরতাল-অবরোধ করে বলেছিল, শান্তিতে থাকতে দেব না, দেশ অচল করে দেওয়া হবে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে সবাই এক।’

তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক লড়াই শেষ হয়েছে, এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। যেন আবার রাজনৈতিক লড়াইয়ে জড়াতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে সবাইকে মর্যাদা ও সম্মানের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করতে হবে।

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, সরকারি দলের মতো বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করেছে, তা বিবেচনা করা প্রয়োজন। তাহলে এখন কেন লংমার্চ বা রোডমার্চ করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদারসহ অনেকে।