রাজনীতি নিষিদ্ধ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সনেট চাকমাকে সভাপতি ও প্রায়াম খীসাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির প্রথম কমিটি গঠন করা হয়। এর আগে রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসটিতে প্রথম কমিটি দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১৬ অক্টোবর) পিসিপির এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পহেল চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থপরিপন্থী সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজ অধিকতর সামিল হউন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ সদস্য ও পিসিপির সাবেক সভাপতি রুমেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় সদস্য সুনীতি বিকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এলি চাকমা এবং পিসিপির রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সনেট চাকমার সভাপতিত্বে ও সদস্যসচিব পহেল চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির সদস্য প্রায়াম খীসা। শুরুতে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুমেন চাকমা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পিসিপি জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্রসমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে অর্জিত জ্ঞান সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর পরামর্শ দেন।
সুনীতি বিকাশ চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ধারণ করে চুক্তি বাস্তবায়নের আন্দোলন এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে চিন্তাশক্তি বিকশিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এলি চাকমা বলেন, সমাজকে এগিয়ে নিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শিক্ষাকে সমাজের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান তিনি।
সজল চাকমা তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারসহ চুক্তি বাস্তবায়নের দাবি জানান। জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি।
পরে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনি চাকমা। নবনির্বাচিত সভাপতি সনেট চাকমার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য ২০২৪ সালের ১৩ অগাস্ট অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় রাবিপ্রবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের জন্য ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।