মাগুরায় ৫০৬ কোটি বিলের পর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার টাকা বিল করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।
ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন-এর সংকোচখালী গ্রামে। সংকোচখালি গ্রামের বাবু মোল্যা (৫৫) নামে এক গ্রাহকের বিদ্যুৎবিল এসেছে ২৯ হাজার ১ শত ৩৮ টাকা। তার মিটারে ব্যবহৃত বিল দেখানো হয়েছে ২০ ইউনিট। অথচ প্রায় ৩০ হাজার টাকা এসেছে বিল পেপারে। যা নিয়ে আবারও তোলপাড় মাগুরা।
এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি আমার বাড়ির বিদ্যুৎবিল ২০০ থেকে ২৫০ টাকা করে দিয়ে আসছি। এবার যে বিদ্যুৎ বিল দিয়ে গেছে তাতে ২০ ইউনিট ব্যবহৃত বিলে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখানো হয়েছে। এতে আমি চিন্তিত ও অবাক। এটা এক ধরনের ভোগান্তি।’
মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, ‘এ বিষয়ে দেখা হচ্ছে।’
এদিকে ভুক্তভোগী বাবু মোল্যা অফিসে ঢোকার আগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা তাকে বিল পেপারের বিষয়ে বিভিন্নভাবে হয়রানি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
উল্লেখ্য, এর আগে আলেয়া নামে এক নারী গ্রাহকের বিদ্যুৎবিল এসেছিল ২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকারও বেশি। যা নিয়ে গোটা দেশে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। এগুলো কি আসলেই ভুল নাকি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করা হচ্ছে তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন সচেতন মহল।