Image description
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য এসব মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্য আগামী ১ অক্টোবর থেকেও বহাল থাকবে।
 
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১৩৫.০০ টাকা/লিটার, অকটেন ১৬৫.০০ টাকা/লিটার, পেট্রোল ১৬০.০০ টাকা/লিটার এবং কেরোসিন ১৫৫.০০ টাকা/লিটার-এ নির্ধারণ করা হয়।’
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামী ০১ অক্টোবর ২০২৬ থেকেও বলবৎ থাকবে।’
 
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল।