Image description
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ ও একটা জামায়াত যদি আসে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন তারপরে সাপটিকে মারবেন। রাষ্ট্রক্ষমতায় তারেক রহমানকে বিএনপিকে রাখতে চাইলে নিজেদের সততা বজায় রাখেন। চাঁন্দাবাজি, ধান্দাবাজি ক্ষমতার যদি দাপট দেখান তাহলে মানুষ কিন্তু খুব সচেতন। আমাদের কিছু ভুল হয়নাই তা কিন্তু না।
 
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। ২০১৪ সালে একা একা নির্বাচন করেছিল। ২০১৮ সালে দিনের ভোট নিশিরাতে করলো। ২০২৪ সালে করলো আমি ডামির নির্বাচন। বিএনপিকে সহসা ধাক্কা দিয়ে ফেলে দিবে এটা মনে করার কোন কারণ নাই। শেখ হাসিনা বলতাসে আসতাছে আসতাছে কিন্তু সে আসবে না।
 
তিনি আরও বলেন, যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল আমার মা-বোনের ইজ্জত ধ্বংস করেছিল। যারা মুনীর চৌধুরী, আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আপনারা যদি বিশ্বাস করেন, সেই জামায়াতে ইসলামী আপনাদের খালাতো ভাই লাগে। তাহলে আপনারা ভুল করবেন। আমি বলে গেলাম, আমারে ভুল বুঝতে পারেন। এরা যখন পার্লামেন্টে যায় তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে বলে এক দফা দিলাম। বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তাই এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।
 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
 
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাকির হোসেন, সরকার হুমায়ন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।