Image description

সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী বাজার এলাকায় ভুরকী ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আবদুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন ও আলিম উদ্দিন। তাদের মধ্যে গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (ভুরকী গ্রাম) ও হাজী ছফির আলীর (ইশবপুর গ্রাম) লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। আদালত জমিটির সরেজমিন দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন। সেই নির্দেশের পর আজ দুপুরে ভূমি অফিসের তদন্তকারী কর্মকর্তা বিরোধপূর্ণ স্থানে যান। এ সময় উপস্থিত উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

 
 

একপর্যায়ে দুই গ্রামের মসজিদে মাইকিং করে শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।