নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩ রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত পিংক বাস চালুর উদ্যোগের কথা জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।
এ সময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এই সংখ্যা অপ্রতুল। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যথাসম্ভব সরলরেখায় সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।