যশোর শহরের রেলবাজার এলাকায় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছেন এসআরবি-৬ যশোরের সদস্যরা। এ সময় বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে ওই চক্রটি কথিত অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের টার্গেট করে চক্রটি বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করত। পরে ওইসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও ব্যক্তিগত তথ্য বসিয়ে তৈরি করা হতো জাল নথি। এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।