Image description

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) তপশিল অনুযায়ী শেষ দিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন (ওবায়দুল্লাহ মাসুদ বিকল্প প্রার্থী), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আবদুল আলিম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন তার মনোনয়নপত্র জমা দেন।

 
 
 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে যে ৫টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তারা সবাই নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার যৌথ প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।

 
 

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে সংবিধান অনুযায়ী পদটি শূন্য ঘোষণা করা হয় এবং শূন্য এই আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন।