দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারী যাওয়ার পথে একটি লোকাল ট্রেনের যাত্রীবাহী বগি ফেলে ইঞ্জিন চলে গেছে। ফেলে যাওয়া বগিগুলো লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে আটকে যায়। এতে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করলে মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে ১০০ গজ দূরে বগি বিচ্যুতি ঘটে বলে জানান স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছে কয়েকটি বগি হঠাৎ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন বগিগুলো লেভেল ক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়। তবে ট্রেনচালক বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় দেড় কিলোমিটার পথ চলে এগিয়ে যান। রেলক্রসিংয়ে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক যানবাহনে অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে যাত্রী ও চালকদের প্রায় দেড় ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে পাঠানো একটি উদ্ধারকারী ইঞ্জিন বিচ্ছিন্ন বগিগুলো নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক যান্ত্রিক ত্রুটির কারণেই এটি হয়েছে। তবে এই ঘটনা কেউ আহত হয়নি।