Image description

গাজীপুরের কালীগঞ্জে ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে জাহিদ মুন্সির বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে গত ১৪ সেপ্টেম্বর কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

 
 

অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভনে ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন জাহিদ মুন্সি।

 
 

মামলা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস আগে পরিচয় হয় সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে জাহিদ মুন্সি ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

 

ওই কলেজছাত্রী জাহিদ মুন্সিকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে। পরে কলেজছাত্রী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন ইতোপূর্বে তিনি একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে।

 

ধর্ষণের ঘটনা ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি আত্মগোপনে চলে যান।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মামলার পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিলেন। পরে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আসামিকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।