ঢাকার ধামরাইয়ে কাজী সাঈম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামে নিহতের কথিত প্রেমিকার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।
নিহত সাঈম চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, পাচলক্ষী গ্রামের এক তরুণীর সঙ্গে সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত্যুর কারণ জানতে সাঈমের কথিত প্রেমিকা ও তাঁর মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।