লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার পূর্ব নওদাবাস ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আটক সুজন ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে পূর্ব নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল আলম লাইজু বাদী হয়ে ছাগল চুরির অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফিরোজ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়। শুক্রবার দুপুরে ফিরোজকে গ্রেপ্তারের উদ্দেশ্যে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল সিভিল পোশাকে পূর্ব নওদাবাস এলাকায় অভিযানে যায়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সুজনকে আটক করে।
এ বিষয়ে হাতীবান্ধা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।