চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যায়। এ সময় একে একে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হলো দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তার বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও তার বোন সুরাইয়া (৯)। দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা এ এলাকায় এ-ই প্রথম। পাঁচ শিশুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত শিশুদের দাফনের জন্য প্রথমিকভাবে অর্থ সহায়তা দেয়ওা হয়েছে। পরে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।