Image description

কুমিল্লার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ সরকারের উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদ সরকারসহ পাঁচ থেকে ছয়জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পোড়াকান্দি গ্রামের মোল্লাবাড়ির আলম মোল্লার চায়ের দোকানের সামনে ঘটে এ ঘটনা।

আহত ফরিদ সরকার বলছিলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে আমি ভিটিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী। সে উপলক্ষে আজ শুক্রবার বিকালে আমার গ্রামের লোকজন নিয়ে একটি উঠান বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করি। আলম মোল্লার দোকানের সামনে লোকজন আসতে শুরু করেছে। এ সময় পূর্বশত্রুতার জেরে বিল্লাল, নুর নবী, আশিকসহ ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার বড় ভাই আসলাম সরকার, রাশাদ সরকার ও আমিসহ ৫ থেকে ৬ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।’

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে বিল্লাল ও নুর নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত আকাশ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কক্সবাজার আছি। শুনেছি বাড়িতে মারামারি হয়েছে। এতে আমার বড় ভাই বিল্লালসহ ৩ থেকে ৪ জন আহত হয়েছে।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেছেন, ‘মারামারির কোনো খবর এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’