Image description

সুনামগঞ্জ পৌর শহরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এক ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রতন শেখ বিভিন্ন এলাকায় সরাসরি উপস্থিত হয়ে পুলিশের মাদকবিরোধী প্রচারণার এই ধারা অব্যাহত রেখেছেন।

 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিনি শহরের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করছেন। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) সুনামগঞ্জ শহরের আপ্তাবনগর এলাকায় জুমার নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ওসি রতন শেখ। এ সময় তিনি মাদক, জুয়া ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়দের সোচ্চার হওয়ার ও এগিয়ে আসার আহ্বান জানান।

 

নামাজ শেষে ওসি রতন শেখের উদ্যোগে স্থানীয় যুবক, কিশোর ও সাধারণ মুসল্লিরা একত্রে সচেতনতামূলক স্লোগান দেন। স্থানীয় বাসিন্দারা ওসির সাথে কণ্ঠ মিলিয়ে মাদক, ইয়াবা, গাঁজা ও জুয়াবিরোধী নানা স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। এ সময় সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, যুবসমাজকে মাদক, জুয়াসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। নিয়মিত অভিযানের পাশাপাশি আমরা বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আজ জুমার নামাজ শেষে শহরের আপ্তাবনগর এলাকায় যুবক ও কিশোরসহ সর্বস্তরের মানুষ আমাদের সাথে মাদকবিরোধী স্লোগান দিয়েছেন। তারা এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।