দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিল থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পরে শুক্রবার জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণ অবৈধভাবে মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।