Image description

ফেসবুকে ‘জুলাই জঙ্গি’ লিখে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে শারাফাত শারিককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

পৃথক আরেকটি অফিস আদেশে বলা হয়, অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করা এবং অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে সুপারিশসহ প্রতিবেদন দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সভাপতি করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। এছাড়া আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলমকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ‘জুলাই জঙ্গি’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে শারাফাত শারিকের বিরুদ্ধে। পরদিন তাকে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে আটক করে প্রক্টরের কাছে দেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

শারাফাত শারিক আশুলিয়া থানায় পুলিশ হেফাজতে আছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নিবো।