কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নোমানজিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমানজিয়া ওই ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।
১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ইনচার্জ আজগর আলী পাহাড়ধসে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাম্পের বাসিন্দারা জানান, দুপুরে ভারী বৃষ্টির সময় জমির হোসেনের বসতঘরের ওপর পাহাড়ের এক অংশ ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে গুরুতর আহত হয় নোমানজিয়া। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্যাম্প ইনচার্জ আজগর আলী বলেন, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে থাকা রোহিঙ্গা পরিবারগুলোকে আগে বহুবার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও সতর্ক করা হলেও অনেকে আবার পুরোনো ঝুঁকিপূর্ণ স্থানে ফিরে এসে বসবাস শুরু করেন। এতেই এই প্রাণহানির ঘটনা ঘটল।
তিনি আরও জানান, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে ও চরম ঝুঁকিতে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে পুনরায় মাইকিং জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে পাহাড়ধসের একাধিক ঘটনায় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছিল।