Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে লাইভ সম্প্রচারের সময় কালবেলার ফেসবুক পেইজ থেকে ‘joy bangla’ লেখা একটি মন্তব্য করার ঘটনায় সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংবাদমাধ্যমটি।

 

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে কালবেলা কর্তৃপক্ষ জানায়, লাইভ চলাকালে কালবেলার ফেসবুক পেইজ থেকে ওই মন্তব্য করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মন্তব্যটি মুছে ফেলা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত মন্তব্যটি কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ঘটনায় যে কর্মী জড়িত, তাকে সাময়িকভাবে কালবেলার সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা সম্পর্কে

কালবেলা বাংলাদেশের একটি বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যম। জাতীয় রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। মুদ্রণ সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সংবাদ, লাইভ সম্প্রচার ও তাৎক্ষণিক আপডেট প্রকাশ করে কালবেলা।