বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিবির নেক্সট টাইম দেশীয় অস্ত্র প্রদর্শন করলে গতকালের পরিণতি হবে। বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত সহনশীলভাবে রাজনীতি করতে চাই। আবারও বলে দিচ্ছি, যদি ছাত্রশিবির কোনোভাবে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা এক বিন্দু পরিমাণও ছাড় দেব না।
তিনি আরো বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সেখানে অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে এবং রাতভর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদল সভাপতি আরো বলেন, শুধু শিবির নয়, জামায়াতের শীর্ষ নেতারাও এ ঘটনার পক্ষে অবস্থান নিয়েছেন। অস্ত্র নিয়ে হামলাকে বীরত্ব হিসেবে তুলে ধরার প্রবণতা তৈরি হয়েছে, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত। এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলেও অভিযোগ করেন তিনি।