Image description
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে দীর্ঘসূত্রতার অভিযোগ এনে বিএনপি সরকারের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ‘কার সাথে আঁতাত করে জাতির দাবি উপেক্ষা করা হচ্ছে’ বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘জবাব’ প্রত্যাশা করেছেন তিনি।
 
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
 
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট তরুণদের। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কেউ না।’
 
এ সময় তিনি জুলাই শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের দেশে-বিদেশে সুচিকিৎসার দাবি জানান।
 
আওয়ামী লীগের বিচার দাবি করে জামায়াত আমীর বলেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঁতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে, আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। কারণ, নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছেন। এখন কেন সেগুলা হারিয়ে যাচ্ছে?’
 
জাতীয় নির্বাচনের রায় মানলেও গণভোটের রায় ‘না মানায়’ এ সময় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা। এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন।’