Image description

`আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’-শিবির সভাপতির এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলো মনে করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তিনি বলেন, ``১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও ছাত্রদলের কিছু করতে পারবে না শিবির।’’

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পোস্টে তিনি লেখেন, ‘যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। এখনও তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর, চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। এখন আর ছাড় দিচ্ছে না।’

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা সংঘাতে নয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যে কোনও অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।