জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান প্রাথমিক সদস্যপদসহ দল থেকে পদত্যাগ করেছেন। তিনি গতকাল শনিবার উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন।
তবে পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করা হলেও নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তিনি পদত্যাগ করেছেন। এনসিপিতে যোগদানের আগে আবদুল্লাহ আল নোমান ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পদত্যাগের পর শনিবার সোনাগাজীতে জামায়াতের গণমিছিলেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
তবে দলীয় গ্রুপিংয়ের অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘জুলাই আন্দোলনে ও চেতনার বিষয়ে আমি বিএনপি হলেও তাদের সঙ্গে একমত থাকব।’
এদিকে গত ১০ জুলাই এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সোনাগাজীতে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর একজনকে দল থেকে বহিষ্কার এবং আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
এনসিপির সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দলের মধ্যে কোনো বিভাজন বা অস্থিরতা নাই। কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে আমাদের কিছু করার নাই।’