রাজধানীর উত্তরখানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনায় পুলিশের এসি-ওসিসহ ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিক কর্ণেল (অব.) জাকিরসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ রোববার (২ আগস্ট) রাতে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকায় রোববার সকালে রাজাবাড়ি ঘাটে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদেরকে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কার্যক্রম স্থগিত করে বিক্ষোভ মিছিল ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা-১৮ আসনের এমপিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হোন। সেখানে তারা যাওয়া পর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিক কর্ণেল জাকিরকে মারধরের কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হোন। পরে পুলিশ তাকে আটক করলে মুহূর্তেই প্রশাসক ও এমপিসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এশিয়া পোস্টকে বলেন, ‘হামলার ঘটনায় ৭ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দক্ষিণখান জোনের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল হোসাইন, উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, কয়েকজন উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল রয়েছেন।’
তিনি বলেন, ‘হামলার ঘটনায় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিক কর্ণেল (অব.) জাকিরসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিচ্ছনা কর্মীদের মারধর ও প্রশাসকসহ এমপির ওপর হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে ডিসি তারেক আহমেদ বলেন, ‘রাজাবাড়ির ডিএনসিসির এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নিয়ে কোর্টে মামলা চলছে। সেখানে এসটিএস চান না গার্মেন্টস মালিক পক্ষ। যা নিয়ে ডিএনসিসি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে গার্মেন্টসের লোকজন আজ সকালে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা চালায়। এতে চার/পাঁচজন পরিচ্ছনা কর্মী আহত হোন। পরে খবর পেয়ে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি ঘটনাস্থলে যান।’
তিনি বলেন, ওই সময় গার্মেন্টস মালিক অবসরপ্রাপ্ত কর্ণেল জাকিরের কাছে পরিচ্ছনা কর্মীদের মারধরের কারণ জানতে চাইলে তিনি প্রশাসক ও এমপির সঙ্গে উত্তেজিত হোন। বলেন, ‘আপনি চার্জ না সমাধান করতে এসেছেন?’ পরে পুলিশ তাকে আটক করার পর পরই হামলার ঘটনার শুরু হয়।
অপরদিকে ডিএনসিসি'র জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সকালে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, এ ঘটনার পর দুপুরে পরিস্থিতি পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় গার্মেন্টস মালিকপক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পুনরায় দুর্ব্যবহার করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতে অতর্কিত হামলা চালায়।
জাকির হোসেন বলেন, ‘ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে উত্তরা বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এশিয়া পোস্টকে জানিয়েছেন, পুলিশের অপর হামলা করে আহত ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হবে। এছাড়াও ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় আরেকটি মামলা হবে।’