Image description

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মডেল মসজিদ পরিচালনার জন্য একটি নির্ধারিত ব্যাংক হিসাব রয়েছে। বিধি অনুযায়ী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তার যৌথ স্বাক্ষর ছাড়া ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করা যায় না।

 

অভিযোগ রয়েছে, গত ৩০ জুলাই কোনো ধরনের পূর্ব অনুমোদন বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান একটি চেকে ইউএনওর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের উদ্দেশ্যে সোনালী ব্যাংকের বদলগাছী শাখায় জমা দেন।

 

ব্যাংক সূত্রে জানা যায়, চেকে থাকা স্বাক্ষরের সঙ্গে ইউএনওর সংরক্ষিত নমুনা স্বাক্ষরের অমিল দেখে ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি যাচাই-বাছাই করে জালিয়াতির আশঙ্কা নিশ্চিত হলে অর্থ প্রদান স্থগিত করা হয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

 

এ বিষয়ে সোনালী ব্যাংকের বদলগাছী শাখার ব্যবস্থাপক নুরে আলম বলেন, চেকে দেওয়া স্বাক্ষরের সঙ্গে নমুনা স্বাক্ষরের অসঙ্গতি পাওয়ায় অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. মাহফুজ রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, সরকারি অর্থসংক্রান্ত জালিয়াতির অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি প্রাথমিকভাবে জানার পর তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।