নাটোরের লালপুর উপজেলার পালপাড়ায় প্রতিটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া মহল্লার নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি পাওয়া যায়।
নারায়ণ কুমার পালের পরিবার সদস্যরা জানান, বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কম্পিউটার কম্পোজ করা একটি খোলা চিঠি রেখে যায় দুর্বৃত্তরা। নারায়ণ পালের ছেলে অরুণ কুমার পাল বারান্দায় গেলে প্রথমে চিঠিটি দেখতে পান। পরে চিঠির বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানায়। চিঠিতে একটি বিকাশ নম্বর ও যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা রয়েছে, ‘সেভেন স্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের বাড়িতে একটি চিঠি দিলাম। আশা করি কোনো বিকল্প চিন্তা করবেন না। মনে রাখবেন জীবন গেলে যাবে আপনাদের, পরিবারের ভালোমনে বিশ হাজার টাকা দেবেন। কোনো মানুষকে জানাবেন না, যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে।’
আরও লেখা রয়েছে, ‘সব হিন্দু ধর্ম ও পরিবারকে ২০ হাজার করে টাকা দিতে হবে। অনেক পরিবার আছে চিঠি পায়নি, তারা মনে করে টাকা দিয়ে দেবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে টাকা দিতে হবে, যদি টাকা দিতে না পারেন তাহলে সময় খুব খারাপ যাবে। সব হিন্দু ধর্ম পরিবারের জন্য চিঠিটা দেওয়া হলো। এই চিঠি যে পাবেন, সবাইকে বলে দেবেন আপনাদের হিন্দু ধৰ্ম মধ্যে। আপনাদের পরিবার ভালো রাখার জন্য সেভেন স্টার আপনাদের সবসময় পাশে থাকবে ধন্যবাদ। সেভেন স্টার কর্তৃপক্ষ।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ চিঠিটি জব্দ করেছে। তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থা কাজ করছে। নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।