Image description

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

 

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারিপাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)।

 

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

 

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার তিনজন খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির' সক্রিয় সদস্য। তাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রতিবেদন (পিসি-পি আর) পর্যালোচনায় খুলনা মহানগরী, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক এবং চুরিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

 

 

র‍্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের উদ্ধার করা আলামতসহ খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

 

র‍্যাব জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।