Image description

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর (ট্যাক্স) কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু করা যাবে।’ এতে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের সুবিধার্থে বাজারকে সহনীয় রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।’

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত বিশেষ সভা হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন এবং সেখান থেকেই তাঁরা বাজার পরিদর্শনে যান।