Image description

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে কারাবন্দি স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হলেন বন্দির স্বামী। কারা কর্তৃপক্ষ তাকে মাদকসহ পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতের নাম রেজাউল করিম (২৮)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও কারা সূত্রে জানিয়েছে, রবিবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আরপি চেকপোস্টে আসেন স্বামী রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশিকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনার পর রেজাউল করিমকে আটক করে আইনি ব্যবস্থা নিতে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেনের ভাষ্য, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।