Image description

জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি আত্মমর্যাদার উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং ন্যায় ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়।

যাঁদের আত্মত্যাগ, রক্ত, বেদনা ও অদম্য সাহস জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাসের এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনের প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ ও আহত জুলাইযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে উক্ত আবেগঘন স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। 

GeographicReference

 

বিজ্ঞাপন

আগামীকাল, ৩ আগস্ট, সন্ধ্যা ৬:৩০ মিনিটে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ডা. জাহেদ উর রহমান।

সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

অনুষ্ঠানের শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করার পর প্রদর্শিত হবে তথ্যচিত্র।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করবেন ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস। আবৃত্তি করবেন এনামুল হক জুয়েল, সিমা ইসলাম ও ইকবাল আহমেদ। এরপর সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী মনির খান ও পিয়াল হাসান। আবৃত্তি করবেন ফারজানা এলি ও টিটো মুনসী এবং সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।