মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা গাংনী উপজেলার রামনগর গ্রামের বাজার পাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ওপর উঠে খেলছিল আমির হামজা। এ সময় চালক গাড়িটি চালিয়ে দিলে সে নিচে পড়ে যায়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্বজন ও স্থানীয়রা তাকে প্রথমে বামন্দীর ডা. ফজলুর রহমান ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া থেকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।