Image description

ফরিদপুরের ভাঙ্গার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

আজ রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী দশমিনা পরিবহনের একটি বাস বাবলাতলা এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং আহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেছেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন।

বাসটি থেকে আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।