Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে শহরের সাতমাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

 

শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে সাতমাথার সপ্তপদী মার্কেটে থাকা এনসিপির ব্যানারটি ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

 

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপির দায়িত্বশীল কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করছেন। এ সময় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।

 

 

 

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি : এশিয়া পোস্ট
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি : এশিয়া পোস্ট

 

 

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বিতর্কিত মন্তব্যের জন্য গাজী সালাউদ্দিন তানভীরকে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে তিনি এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে একই ইস্যুতে শহরের সাতমাথায় বিক্ষোভ করে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও দলটির সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

 

এদিকে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ অব্যাহতি দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।