চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ‘জি ৯-৫২৬’ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান তিনি।
আটক ব্যক্তির নাম থামিম আনসারি। পাসপোর্ট অনুযায়ী তার বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, সকাল ৬টা ৫৮ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সিআইআইডির একটি দল তাকে শনাক্ত করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুল আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
গোয়েন্দা দল জানায়, স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত সোনার পরিমাণ ও এর বিশুদ্ধতা নির্ধারণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ৩১ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।