Image description
ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া নিজ প্রেমিকার করা এক মামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সভাপতি নয়ন সরকার জয়কে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ছাত্ররাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে, গ্রেপ্তার নয়ন সরকার জয় ছাত্র ইউনিয়নের মূলধারার সাথে সম্পৃক্ত নন বলে জানিয়েছে সংগঠনটির একাংশ। 
 
এই অংশের দাবি, ‘জয় ছাত্র ইউনিয়ন নামধারী একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন। এমন কোনো গোষ্ঠীকে ছাত্র ইউনিয়ন কখনই মান্যতা দেয় না। অভিযুক্ত নয়ন সরকার জয় কখনোই ছাত্র ইউনিয়নের মূলধারার সাথে যুক্ত ছিলেন না। তার কোন অপকর্মের দায় ছাত্র ইউনিয়নের উপর বর্তায় না।’
 
 
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে এসব তথ্য জানানো হয়। 
 
বিবৃতিতে বলা হয়, “গতকাল (৩১ জুলাই, ২০২৬) বিভিন্ন গণমাধ্যম কর্তৃক প্রকাশিত ‘ধর্ষণের অভিযোগে বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আটক’ সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, অভিযুক্ত নয়ন সরকার জয় ছাত্র ইউনিয়নের মূলধারার সাথে সম্পৃক্ত নন। তিনি ছাত্র ইউনিয়ন নামধারী একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন বলে আমরা জানতে পেরেছি। এমন কোনো গোষ্ঠীকে ছাত্র ইউনিয়ন কখনই মান্যতা দেয় না।”
 
 
এতে আরও বলা হয়, “অভিযুক্ত নয়ন সরকার জয় কখনোই ছাত্র ইউনিয়নের মূলধারার সাথে যুক্ত ছিলেন না। তার কোনো অপকর্মের দায় ছাত্র ইউনিয়নের উপর বর্তায় না। ছাত্র ইউনিয়ন নারীদের অধিকার নিশ্চিত ও নারী নিপীড়নের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার থেকেছে। নারী নিপীড়কদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সোচ্চার থেকেছে, আছে এবং থাকবে। উক্ত ঘটনায় অভিযোগকারী যেন ন্যায় বিচার পান আমরা সে কামনা করি, এবং একইসাথে অভিযোগকারী যদি ছাত্র ইউনিয়ন থেকে কোনো ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন তবে ছাত্র ইউনিয়ন যেকোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”
 
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালি মডেল থানায় নয়ন সরকার জয়ের ‍বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক তরুণী। মামলার অভিযোগে তরুণী উল্লেখ করেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছেন নয়ন। তার মা আমাকে বউ হিসাবে মেনে নেবেন না বলে জানিয়েছেন। 
 
 
তরুণীর অভিযোগ, গ্রেফতারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছেন। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।
 
উল্লেখ্য, নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।