একসময় কারাতে চর্চা করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আর সেটারই প্রমাণ দেখালেন। একটি কাঠের তক্ত কনুই দিয়ে আঘাত করে ভেঙে ফেললেন।
গতকাল শুক্রবার রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে নিজের এই দক্ষতা দেখালেন। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায় তার এই কারাতে কৌশল দেখে।
ভেঙে ফেললেন কাঠের তক্তা
বক্তব্যে প্রতিমন্ত্রী নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার কারাতে চর্চা শুরু হয়েছিল। সেই সময়ের কঠোর অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা তাকে তিন দশকের আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
ভিডিও থেকে নেওয়া
ববি হাজ্জাজ বলেছেন, মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও আত্মরক্ষার সক্ষমতা তৈরির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ থাকছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে। এরই অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।