বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।
তবে এ বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জানতে চাইলে এহসানুল জুবায়ের এশিয়া পোস্টেকে বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের তথ্যটি সঠিক নয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই ছবিটি দেখে সাদিক কায়েমের যোগদানের কথা বলা হচ্ছে। আদৌ তা সঠিক নয়।
এর আগে গত ১২ জুলাই বিকালে ফেসবুক নিজের আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের কথা জানান সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।’