Image description

বগুড়ার শিবগঞ্জে একটি কেন্দ্রে গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ৪২ শিক্ষার্থী। এ ঘটনায় দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম. এইচ. কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।

 

কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা হয়। ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শুরুর সময় সৃজনশীল (সিকিউ) প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত ৪২ জন পরীক্ষার্থীর কাছে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। তারা ওই প্রশ্নপত্রেই উত্তর লেখা শুরু করেন। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবে বিতরণ হওয়ায় ওই অংশে কোনো সমস্যা হয়নি।

 

পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। পরে ওই কক্ষের পরীক্ষার্থীদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে আনা হয়। এরপর ৪২ জন পরীক্ষার্থীর রোল নম্বরসহ একটি তালিকা তৈরি করে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

কেন্দ্রসচিব ও অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ‘১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৪২ জনের কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। একজন ২০২৬ সালের প্রশ্নপত্র পেয়েছিল। বিষয়টি জানার পর ডাকঘর থেকে খাতাগুলো ফিরিয়ে এনে বোর্ডে পরীক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কমিটি তা বুঝে নেয়। পরে প্রতিটি কক্ষের পরিদর্শকদের কাছে প্রশ্নপত্র হস্তান্তর করা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে এই ভুল হয়েছে। এ ঘটনায় ওই কক্ষের দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’