শিক্ষামন্ত্রীর পদত্যাগে দ্বিতীয় দফায় সময় বেধে দিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে এ আলটিমেটাম দেন তারা।
সেখানে আন্দোলনকারীদের একজন বলেছেন, আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সে পর্যন্ত অবরুদ্ধ থাকবে শাহবাগ মোড়। আর যদি আজকের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন তাহলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হবে।
এর আগে তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এর আগে, এদিন দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর শিক্ষাভবন মোড়ে প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তারা।
শাবহাগে অবস্থান করা মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ওসমান গনী জানালেন, গতকাল থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই সাইন্সল্যাব থেকে শিক্ষা ভবন অবস্থান নেন এবং সেখান থেকে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
তিনি বললেন, ‘শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমাদের কোনও প্রতিনিধি নেই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করতে যেতে চাই না। তাদেরকে রাস্তায় এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।