Image description

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য (মেম্বার) ও শতাধিক কর্মী-সমর্থক আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

 

বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত থেকে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেন ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমসহ অন্যরা।

তাদের সঙ্গে শতাধিক কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর বলেন, আমি জনগণের সেবা করার জন্য এবং তাদের পাশে থাকার উদ্দেশ্যে আওয়ামী লীগের রাজনীতি করতাম।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

তিনি আরও বলেন, আমাদের ঠাঁই দেওয়ার মতো এখন কেউ নেই।

দলের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দলের সঙ্গে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমার সঙ্গে ১২ জন সদস্যও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার চাইলে আমরা জনগণের সেবায় তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।